
গাজীপুর প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষে তার মরদেহ বহনকারী একটি ফ্লাইট বর্তমানে ঢাকার পথে রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোববার (৩ মে) জানায়, দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর দূতাবাস, কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার একটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ’স অফিস নিশ্চিত করে। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, আগামী ৬ মে টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামির কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সমন্বয় করছে। কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।